শুভেন্দু অধিকারী বিজেপি-তে যোগ দেবেন, জানালেন মুকুল রায়
দি নিউজ লায়ন ; আগামী কয়েকদিনের মধ্যেই শুভেন্দু অধিকারী বিজেপি-তে যোগ দেবেন৷ আমাদের সঙ্গে শুভেন্দুর কথা হয়েছে। এমনই দাবি করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়৷ এদিকে আগামী ১৯ ডিসেম্বর রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তাঁর পূর্ব মেদিনীপুরে যাওয়ার কথা৷ অমিত শাহের উপস্থিতিতেই শুভেন্দু গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে।
শুভেন্দুর বিজেপি-তে যোগদান নিয়ে বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছে৷ এবার মুকুল রায় জানিয়ে দিলেন, বিজেপি-তেই যোগদান করবেন শুভেন্দু অধিকারী৷ ইতিমধ্যেই নন্দীগ্রামের বিধায়ককে জেড বা জেড প্লাস নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেইসঙ্গে তাঁকে দেওয়া হবে বুলেটপ্রুফ গাড়িও। ২
মঙ্গলবার শুভেন্দু সরাসরি দলত্যাগের ঘোষণা না করলেও হলদিয়ার সভা থেকে শুভেন্দু অধিকারী বুঝিয়ে দেন তিনি আগামিদিনে কোন পথে চলেছেন। হলদিয়ার অরাজনৈতিক সভা থেকে পরোক্ষে তৃণমূল সরকারকে ‘বহিরাগত’ তত্ত্ব এবং ‘গণতন্ত্র’ নিয়ে তীব্র আক্রমণ করলেন তিনি। তার পরেই ‘দলতন্ত্র’-কে কটাক্ষ করে তাঁর আরও তাৎপর্যপূর্ণ বক্তব্য, ‘‘কেন এখানে ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অব দ্য পার্টি ব্যবস্থা থাকবে! আমরা ভাল কাজের জন্য লড়ব। সংবিধান যে বলে গিয়েছে, গণতন্ত্র ফর দ্য পিপ্ল, বাই দ্য পিপ্ল, অব দ্য পিপ্ল, সেটা পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনতে হবে।’’

Post a Comment